ভারত-পাকিস্তানের ব্যাপারে ট্রাম্পের কাছে ‘আকর্ষণীয়’ খবর আছে

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:২১ পিএম

ভারত-পাকিস্তানের সাম্প্রতিক উত্তেজনা নিরসনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশাবাদী। এ ব্যাপারে তার কাছে ‘আকর্ষণীয়’ খবর থাকার কথা জানিয়েছেন।

ভিয়েতনামে উত্তর কোরিয়ার নেতা কিমের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘পাকিস্তান এবং ইন্ডিয়ার ব্যাপারে আমাদের কাছে যুক্তিসংগত আকর্ষণীয় খবর আছে। তাদের থামাতে আমরা যুক্ত হয়েছি। আশা করছি এটা শেষ হতে যাচ্ছে।’

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান। সঙ্গে এও বলেন, ‘ভারত হামলা করলে আমরা উচিত জবাব দেব।’

এর ভেতর মঙ্গলবার পাকিস্তানের বালাকোটে কথিত জইশ-ই-মুহাম্মদের ঘাঁটিতে বিমান হামলা চালায় ভারত। এরপর বুধবার আবার তারা পাকিস্তানে ঢুকে হামলার চেষ্টা করে। এ সময় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করে পাক আর্মি।

একই দিন পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করে ভারতও।

দুই দেশের এমন যুদ্ধকালীন পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্ব থেকে খুব একটা পরিষ্কার বার্তা আসেনি। রাশিয়া, চীন আগে থেকেই নীরব। আমেরিকাকেই একমাত্র দেশ মনে করা হচ্ছে, যারা পাকিস্তান এবং ভারতকে ‘শান্ত’ করতে পারে।

ট্রাম্প বলেন, ‘তাদের সমস্যা কয়েক দশক আগের। আমরা মাঝে থেকে সমাধানের চেষ্টা করছি। দেখা যাক শান্তি আসে কি না। আমি মনে করি দ্রুতই সেটা হতে যাচ্ছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত