ভারতীয় পাইলট অভিনন্দনকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। সংসদের যৌথ অধিবেশনে দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান জানান, শান্তির বার্তা দিতে শুক্রবার ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়া হবে।
বুধবার দুপুরের আগে পাকিস্তান জানায়, তাদের আকাশসীমা লঙ্ঘন করায় ভারতীয় বিমানবাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন ভারতীয় পাইলটকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে ভারত জানায়, পাকিস্তান বিমানবাহিনীর একটি এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে।
এরপর পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় থেকে ভারতীয় পাইলটের একটি ভিডিও ছাড়া হয়। সেখানে অভিনন্দনকে কথা বলতে দেখা যায়। তিনি বলেন, ‘আমি এটি রেকর্ড রাখতে চাই। দেশে ফিরে গেলেও আমার মন্তব্য পরিবর্তন করবো না। পাকিস্তান সেনাবাহিনীর কর্মকর্তারা খুব ভালোভাবে আমার সঙ্গে ব্যবহার করেছেন।’
বুধবার সন্ধ্যা নাগাদ ইমরান খান ভাষণ দেন। তিনি ভারত সরকারকে আলোচনায় আসার প্রস্তাব দেন।
১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হামলায় ভারতের ৪৯ জন সেনা প্রাণ হারান। মোদি সরকারের দাবি, পাকিস্তানের মদদে এই হামলা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আবার ভারতের অভিযোগ অস্বীকার করে ‘কার্যকর প্রমাণ’ চান।
প্রথমে দিতে রাজি না হলেও গতকাল সন্ধ্যার দিকে পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার সৈয়দ হায়দার শাহ’র হাতে ‘প্রমাণ’ তুলে দেন ভারতের কর্মকর্তারা। একই সঙ্গে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তারা।
