আল কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের সন্ধান দিতে প্রায় সাড়ে আট কোটি টাকা (১০ লাখ ডলার) পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত ২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদে এক অভিযানে বিন লাদেনকে হত্যা করে মার্কিন কমান্ডো বাহিনী।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ওসামার পর তার ছেলে হামজা এখন ইসলামি জঙ্গি সংগঠনটির গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠছেন।
অ্যাবোটাবাদের ওসামার কম্পাউন্ড থেকে উদ্ধার হওয়া এক চিঠিতে দেখা যায়, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে হামজা। বিন লাদেন তার পরবর্তীতে আল কায়েদা নেতা হিসেবে তাকে প্রস্তুত করছেন।
বিবিসি জানায়, বাবার হত্যার প্রতিশোধ হিসেবে গত কয়েক বছরে হামজা একাধিকবার অডিও ও ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের ওপরে হামলার আহ্বান জানান তার অনুসারীদের প্রতি।
দুই বছর আগে ৩০ বছর বয়সী হামজাকে আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত করা হয়। তিনি বিয়ে করেন যুক্তরাষ্ট্রে ওয়ান ইলেভেন হামলার চার বিমানের একটির ছিনতাইকারী মোহাম্মদ আত্তার মেয়েকে।
উল্লেখ্য, ২০০১ সালের সেপ্টেম্বরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ওই হামলায় প্রায় তিন হাজার লোক নিহত হয়। হামলা জন্য জন্য ওসামা বিন লাদেন ও আল কায়েদাকেই দায়ী করে যুক্তরাষ্ট্র।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিখাইল এভানোফ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামজা আফগানিস্তান বা পাকিস্তানে আছেন এ মুহূর্তে। সেখান থেকে তিনি ইরানে প্রবেশ করার অপেক্ষায় আছেন। তবে তিনি দক্ষিণ মধ্য এশিয়ার যে কোনো জায়গাতেও থাকতে পারেন।
বেশ কয়েক বছর হামজা তার মায়ের সঙ্গে ইরানে ছিলেন। কিন্তু বিয়ে করার পর সেখানে তিনি অসুবিধায় পড়েন। ফলে তিনি পাকিস্তান, আফগানিস্তান বা সিরিয়ার যে কোনো জায়গায় থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
