সন্তানকে জিম্মি করে সাংবাদিকের গাড়িতে ডাকাতি

আপডেট : ০১ মার্চ ২০১৯, ১১:৩৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে সাংবাদিকের গাড়ির কাচ ভেঙে সন্তানকে জিম্মি করে গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে ঘটা ওই ঘটনায় টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোনসেট ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় শুক্রবার বিকেলে টঙ্গী পশ্চিম থানায় মামলা হয়েছে।

ভুক্তভোগী ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক কবির আহমেদ খান বলেন, তিনি বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তানদের নিয়ে প্রাইভেটকারে চড়ে গ্রামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে যাচ্ছিলেন। রাত ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর গাজীপুরা বাঁশপট্টির কাছে পৌঁছালে ৫-৬ জনের একটি দল রাম দা ও চাপাতি দিয়ে গাড়ির ড্রাইভিং সিটের পেছনে জানালার গ্লাস ভেঙে ফেলে।

তিনি জানান, তারা তার দুই শিশুর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে সবকিছু দিয়ে দিতে বলে। এ সময় তার স্ত্রী তার শরীরে থাকা ৩টি স্বর্ণের আংটি, এক জোড়া চুড়ি, ভ্যানিটি ব্যাগ দিয়ে দেন। ছিনতাইকারীরা তাদের কাছে থাকা টাকা ও কাগজপত্রও হাতিয়ে নেয়।

কবির বলেন, সঙ্গে সঙ্গে তিনি বিষয়টি টঙ্গী পশ্চিম থানার ওসিকে জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ ব্যাপারে টঙ্গী পশ্চিম থানার ওসি ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়েই আমি পুলিশ পাঠিয়েছিলাম। কিন্তু জ্যামের কারণে তারা সময়মতো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণে তারা (কবির আহমেদ) বড়বাড়ি এলাকা পর্যন্ত চলে যান।’

ছিনতাইকারীদের ধরতে চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত