রেলওয়েতে শিগগিরই ১০০ ইঞ্জিন ও ৫৫০ নতুন বগি যোগ হবে বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। এসব নতুন ইঞ্জিন ও বগি যোগ হলে রেলপথে টিকিট সংকটসহ সব সমস্যা দূর হবে এমন আশার কথাও শুনিয়েছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে নির্মাণাধীন আখাউড়া-আগরতলা রেলপথ পরিদর্শনে এসে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে সাংবাদিকদের এসব কথা বলেন রেলমন্ত্রী সুজন। তিনি বলেন, ‘আগামী জুন মাসের মধ্যে নতুন ২০০ কোচ পাওয়া যাবে। ধীরে ধীরে ৫৫০ কোচ যোগ হবে রেলওয়েতে। এগুলো যোগ হলে রেলওয়েতে টিকিট সংকটসহ আর কোনো সমস্যাই থাকবে না।’ সুজন বলেন, ‘আখাউড়া-আগরতলা রেলপথ চালু জনগণের দীর্ঘদিনের দাবি ছিল। ভারতও এতে আগ্রহী। এই রেলপথ চালু হলে ভারতের ‘সেভেন সিস্টার’ রাজ্যগুলোর ব্যবসা-বাণিজ্যের যেমন উপকার হবে তেমনিভাবে বাংলাদেশও উপকৃত হবে। ভারত আমাদের প্রতিবেশী দেশ। সবদিক থেকে ভারতের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাক এটা আমাদের সরকারের লক্ষ্য।’
×
