শিরোনাম দেখে ভ্রু কুঁচাতে পারেন বটে। কিন্তু বাস্তবে কাগজে-কলমে তাই ঘটেছে। আটক ভারতীয় পাইলটকে এই দামে এক কাপ চা খাইয়েছে পাকিস্তান বিমান বাহিনী।
পাকিস্তান বিমান বাহিনীর অফিসার্স মেসের ক্যান্টিনের এই ক্যাশ মেমোর সত্যতা নিশ্চিত না হওয়া গেলেও তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।
আটক অবস্থায় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার অভিনন্দনকে যে চা খাওয়ানো হয়েছিল, তার ‘দাম’ হিসেবে ওই ক্যাশ মেমোয় মিগ-২১ লেখা আছে।

মঙ্গলবার ভোরে পাকিস্তানের বালাকোটে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী সংগঠন জইশ-ই-মুহাম্মদের কথিত আস্তানায় ভারতীয় যুদ্ধবিমান হামলা চালালে দেশ দুটির মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হয়।
অব্যাহত উত্তেজনার মধ্যে বুধবার সকালে পাকিস্তানি যুদ্ধবিমান ভারতের আকাশসীমায় হানা দেয়। এসময় ভারতীয় যুদ্ধবিমানগুলো তাদের ধাওয়া করতে গেলে নিজেদের আকাশসীমায় দুটি যুদ্ধবিমান ভূপাতিত এবং একজন পাইলটকে আটক করার দাবি করে পাকিস্তান।
ভূপাতিত ভারতীয় মিগ-২১ বিমানের পাইলট ছিলেন উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। প্যারাসুটের মাধ্যমে নিচে নেমে আসলে তাকে আটক করা হয়। এরপর একটি ভিডিওতে আটক অভিনন্দনকে চায়ের কাপ হাতে কথা বলতে দেখা যায়।
অবশ্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ‘শান্তির মনোভাব’ প্রদর্শনের অংশ হিসেবে ভারতীয় এই পাইলটকে মুক্তি দেওয়ার ঘোষণা দেন। বুধবার রাতে তিনি ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরেন।
