ডিএমপি কমিশনার

উগ্রবাদ নির্মূলে চাই রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০২:২২ এএম

দেশ থেকে উগ্রবাদ নির্মূলে রাজনৈতিক ও সামাজিক সমানভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, জঙ্গিবাদ আজ দেশ-জাতি ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উদ্বেগজনক। এটি একটি বৈশ্বিক সমস্যা, যা প্রতিরোধে রাজনৈতিক অঙ্গীকারের পাশাপাশি সামাজিক অঙ্গীকারের প্রয়োজন। গতকাল শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ডিএমপি কমিশনার বলেন, ডান-বাম বা ধর্মীয়সহ কোনো উগ্রবাদই এদেশের মানুষ গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। ঐক্যবদ্ধ অঙ্গীকারের কারণে আজ উগ্রবাদের শেকড় উপড়ে ফেলা সম্ভব হয়েছে।

অনেক উন্নত দেশও উন্নত প্রযুক্তি ব্যবহার করে জঙ্গিবাদ প্রতিরোধে বাংলাদেশের মতো এত দ্রুত সফলতা অর্জন করতে পারেনি বলেও মন্তব্য করেন কমিশনার। তিনি বলেন, হলি আর্টিজানের ঘটনার পর গ্রামে, পাড়া-মহল্লায় সহিংস উগ্রবাদের বিরুদ্ধে যে ঐকমত্য তৈরি হয়েছে তা সম্ভব হয়েছে রাজনৈতিক পদক্ষেপ ও সামাজিক সচেতনতার কারণে। রাজনৈতিক ও সামাজিক অঙ্গীকার পাশাপাশি থাকলে আমরা সমাজ থেকে সহিংস উগ্রবাদকে সম্পূর্ণভাবে নির্মূল করতে সক্ষম হব। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেয় নরসিংদীর জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও লালমাটিয়া মহিলা কলেজের শিক্ষার্থীরা। দু’পক্ষের যুক্তি উপস্থাপন শেষে বিচারকরা লালমাটিয়া মহিলা কলেজের বিতার্কিকদের বিজয়ী ঘোষণা করেন। প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।॥

×
সর্বশেষ সর্বাধিক পঠিত