শামীমাকে নিয়ে নেদারল্যান্ডসে ফিরতে চান ‘জঙ্গি’ স্বামী

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ০৫:১৬ পিএম

স্ত্রী শামীমাকে নিয়ে নিজের দেশ নেদারল্যান্ডসে ফিরতে চান জঙ্গি সংগঠন আইএসের কর্মী ইয়াগো রিডাইক।

ইয়াগো এবং শামীমা আইএস শিবিরে যোগ দেওয়ার পর বিয়ে করেন। কিছুদিন আগে তাদের একটি ছেলে সন্তান হয়েছে।

সিরিয়ায় আইএস এখন দুর্বল অবস্থায়। বেঁচে থাকা অধিকাংশ জঙ্গি আত্মসমর্পণ করেছেন। সেই দলে আছেন শামীমার স্বামীও। অন্যদিকে নবজাতক সন্তান নিয়ে শামীমা আছেন শরণার্থীশিবিরে।

বিবিসির সঙ্গে আলাপকালে ইয়াগো সন্তান আর স্ত্রীকে নিয়ে নেদারল্যান্ডসে ফিরতে চাওয়ার কথা বলেন।

২৭ বছর বয়সী ইয়াগো অবশ্য দেশে ফিরলেই পুলিশের হাত ধরা পড়বেন। সন্ত্রাসী সংগঠনে নাম লেখানোয় নেদারল্যান্ডসে তার ৬ বছরের জেল হয়েছে।

শামীমার যখন বিয়ে হয়, তখন তার বয়স ছিল ১৫ বছর। ইয়াগো ছিলেন ২৩ বছরে।

ইয়াগো বলেন, ‘সত্যি কথা বলতে কি ওর বয়স কম হওয়ায় তখন আমি বিয়ে করতে চাইনি। কিন্তু আমার বন্ধুরা বলল, সে কোনো সঙ্গী চায়। তার পছন্দের কারণেই আমি তাকে বিয়ে করি।’

২০১৫ সালের ফেব্রুয়ারিতে স্কুলপড়ুয়া তিন তরুণী যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় আইএসের সঙ্গে যোগ দেন। এদের মধ্যে শামীমা বেগম (১৯) এবং খাদিজা সুলতানা (২০) ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত। তারা পূর্ব লন্ডনের বাংলাদেশি-অধ্যুষিত বেথনাল গ্রিন একাডেমি নামের একটি স্কুলের ছাত্রী ছিলেন।

বাংলাদেশে শামীমাদের বাড়ি সুনামগঞ্জে। ব্রিটেনের মতো বাংলাদেশও জানিয়ে দিয়েছে, শামীমাকে ঢুকতে দেওয়া হবে না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত