কদিন আগে তার বাবা বলেছেন ছেলে পিএসজিতেই থাকবে। এবার নেইমারও বাবার কথাকে সমর্থন করলেন, সঙ্গে মাতলেন রিয়াল-বন্দনায়।
ইনজুরিতে পড়ে নেইমার এখন ব্রাজিলে আছেন। দেশটির টেলিভিশন চ্যানেল গ্লোবো টিভিকে বলেন, রিয়ালের মতো ক্লাবে যে কোনো ফুটবলার খেলতে চাইবে।
নেইমার বার্সেলোনা ছেড়ে রেকর্ড দামে পিএসজিতে পাড়ি দেন ২০১৭ সালে। সেখানে যাওয়ার কয়েক মাস পর থেকে রিয়ালের সঙ্গে তার যোগাযোগের গুঞ্জন শুরু হয়।
‘আমি প্যারিসে ভালোই আছি। কিন্তু ভবিষ্যতের কথা কেউ জানে না,’ রিয়াল প্রসঙ্গে এভাবে রহস্য রেখে কথা বলেন নেইমার, ‘রিয়াল বিখ্যাত ক্লাব। বিশ্বের মধ্যে অন্যতম সেরা। তাদের জন্য সব সময় আমার সম্মান আছে। কিন্তু এখন আমি প্যারিসেই থাকছি।’
‘ফুটবলারের জীবন গতিময়। সব সময় অনিশ্চিত কিছু ঘটে যায়। কেউ জানে না আগামীকাল কী ঘটবে। কিন্তু এখন আমার চোখ শুধুই পিএসজিতে।’
শুধু রিয়াল নয়; নেইমার জানান অন্য কোনো ক্লাবের ভাবনাও তার মাথায় নেই, ‘কোনো ক্লাবের প্রতি আমার আকর্ষণ নেই। কিন্তু সামনের তিন মাসে কী ঘটবে, সেটা কেউ জানে না।’
