দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আজিজুল ইসলাম (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার বীরগঞ্জ-ঝাড়বাড়ী রাস্তার কল্যাণী বাজার সংলগ্ন সড়কে মঙ্গলবার বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আজিজুল ইসলাম খানসামা উপজেলার শুশুলি গ্রামের একিন উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কল্যাণী বাজার থেকে রাসায়নিক সার, কীটনাশক ও ডিজেল ক্রয় করে বাড়ি ফিরে যাওয়ার পথে পেছন থেকে একটি ট্রাক ভ্যান ধাক্কা দিলে কৃষক আজিজুল ইসলাম পাকা রাস্তায় ছিটকে পরে। ওই সময় ট্রাকের চাকায় মাথা পিষ্ট হয়ে থেঁতলে যাওয়ায় ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি। তবে ট্রাকের চালককে আটক করতে পারেনি পুলিশ।
বীরগঞ্জ থানার এএসআই তৌহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই নিহতের স্বজনরা মৃতদেহটি রাস্তা থেকে সরিয়ে গ্রামের বাড়িতে নিয়ে গেছে।
তিনি আরও জানান, মৃত ব্যক্তির স্বজনরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
