দুর্বার আন্দোলনের মাধ্যমে খালেদাকে মুক্ত করা হবে: মির্জা ফখরুল

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ০৭:২৫ পিএম

দলীয় সংগঠন শক্তিশালী করে দুর্বার আন্দোলনের মাধ্যমে কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবের দলটির উদ্যোগে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সুচিকিৎসা ও নি:শর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন। 

মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই বিএনপির নেতাকর্মীরা ব্যানার নিয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান নেন। তারা খালেদার মুক্তি ও চিকিৎসার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন। নেতাকর্মীদের ভিড়ে মানববন্ধন একপর্যায়ে সমাবেশে রূপ নেয়।

বিএনপির মানববন্ধন কর্মসূচিকে সামনে রেখে সকাল থেকে প্রেসক্লাবের আশপাশে আইন শৃঙ্খলা বাহিনী অবস্থান নেয়। সেখানে প্রিজন ভ্যান, এপিসি ও জলকামানের গাড়ি রাখা হয়। তবে কোন প্রকাশ অপ্রীতিকর ঘটনা ছাড়াই কর্মসূচি শেষ করে বিএনপি।

মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, বিএনপি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে। এখন দলের সংগঠন শক্তিশালী করে আন্দোলনের মাধ্যমে পুনরায় নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে।

তিনি বলেন, সবার আগে কারাবন্দী খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এ জন্য আইনি লড়াই চলছে। এটির পাশাপাশি রাজপথে দুর্বার আন্দোলন করে তাকে মুক্ত করতে হবে। আন্দোলন ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না। সরকার মুক্তি দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া কারাগারে অত্যন্ত অসুস্থ। ক্ষমতাসীন অবৈধ সরকার তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করে রেখেছেন। সবগুলো মামলা জামিন যোগ্য হলেও শুধুমাত্র সরকারের প্রতিহিংসার কারণে তাকে মুক্ত করা যাচ্ছে না।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ড.খন্দকার মোশাররফ হোসেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত