কাশ্মীরিদের ওপর হিন্দুবাদী সংগঠনের হামলা, ভিডিও ভাইরাল

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০১:১৩ পিএম

পুলওয়ামায় বিচ্ছিন্নতাবাদী হামলার পর থেকে ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীরের বাসিন্দাদের ওপর একের পর হামলা ও মারধরের ঘটনা ঘটছে। বুধবার বিকেলেও  উত্তরপ্রদেশের লক্ষ্ণৌতে চরমপন্থী হিন্দু সংগঠনের নেতা-কর্মীর হাতে প্রকাশ্যে মারধরের শিকার হলেন দুই কাশ্মীরি।

টাইমস অব ইন্ডিয়া জানায়, মধ্য লক্ষ্ণৌ দালিগঞ্জ এলাকায় বুধবার বিকেল পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। কাশ্মীরের ওই দুই বাসিন্দা দীর্ঘদিন ধরে এলাকাটিতে বসবাস করে আসছিলেন। এদিকে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ায় নিন্দার ঝড় উঠেছে সর্বমহলে।

এ ঘটনায় অভিযুক্তকে বিশ্ব হিন্দু দলের সভাপতি হিসেবে পরিচয় দিতে দেখা যায় ওই ভিডিওতে। উত্তেজনা ছড়াতে পারে বলে ইতিমধ্যে ভিডিওটি ফেসবুক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে ওই হিন্দু নেতার খোঁজ মেলেনি এখনো। অভিযুক্ত বাকিদের খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে বলে জানা গেছে।

ভারতজুড়ে কাশ্মীরের বাসিন্দাদের ওপরে একের পর এক এই ধরনের ঘটনার জেরে দশটি রাজ্যে থাকা কাশ্মীরিদের সুরক্ষার দায়িত্ব নিতে হবে বলে রাজ্য সরকার ও কেন্দ্রকে নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত