সাজার নীতিমালা লঙ্ঘন

যুক্তরাষ্ট্রের সাবেক রাজনৈতিক পরামর্শকের কারাদণ্ড

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১০:৫৯ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচার দলের সাবেক চেয়ারম্যান পল ম্যানাফোর্টকে চার বছরের কম মেয়াদে কারাদণ্ড দিয়েছেন বিচারক। ২০১৬ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের তদন্তে উদ্ঘাটিত আর্থিক দুর্নীতির ঘটনায় স্থানীয় সময় বৃহস্পতিবার তার সাজা ঘোষণা করা হয়।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের আলেকজান্দ্রিয়ায় শুনানি শেষে ৬৯ বছর বয়সী ম্যানাফোর্টকে ৪৭ মাসের কারাদণ্ডাদেশ দেন জেলা জজ টি এস এলিস। এ ঘটনায় রিপাবলিকান পার্টির বর্ষীয়ান এই রাজনৈতিক পরামর্শক ক্ষমা চাইলেও কৃতকর্মের জন্য কোনো অনুশোচনা নেই তার।
গত বছরের আগস্টে কর ফাঁকির পাঁচটি, ব্যাংক দুর্নীতির দুটি ও বিদেশে ব্যাংক অ্যাকাউন্ট প্রদর্শনে ব্যর্থতা-সংক্রান্ত একটি অভিযোগে ম্যানাফোর্টকে দোষী সাব্যস্ত করেন এক বিচারক। রায় ঘোষণার সময় বিচারক এলিস সাজার কেন্দ্রীয় নীতিমালা উপেক্ষা করেছেন। নীতিমালা অনুযায়ী, ম্যানাফোর্টের সর্বোচ্চ ২৪ বছরের কারাদণ্ড হতে পারত।

বিচারক ট্রাম্পের সাবেক সহযোগীকে ৫০ হাজার ডলার জরিমানা করে তাকে ২ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেন। এর আগে গেঁটেবাত থাকার কারণ দেখিয়ে ম্যানাফোর্টকে হুইল চেয়ারে করে আদালতকক্ষে হাজির করা হয়। ওই সময় বিচারক ম্যানাফোর্টের প্রশংসা করে বলেন, তিনি অন্যত্র কলঙ্কহীন জীবন পার করেছেন, যেখানে তিনি অনেক মানুষের প্রশংসা কুড়িয়েছেন ও অনেক ভালো কাজ করেছেন। এসব কারণকে সামনে এনে ম্যানাফোর্টকে লঘুদণ্ড দেন তিনি।

ইউক্রেনের সাবেক রুশপন্থি সরকারের পরামর্শক হিসেবে লাখ লাখ ডলার আয়ের বিষয়টি গোপন করায় ম্যানাফোর্টকে অভিযুক্ত করেন কৌঁসুলিরা। পরে তাকে দোষী সাব্যস্ত করা হয়। কৌঁসুলিদের অভিযোগ, মস্কোপন্থি ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্তর ইয়ানুকোভিচ ক্ষমতাচ্যুত হওয়ার পর ম্যানাফোর্ট মিথ্যা তথ্য দিয়ে ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েছেন। সে অর্থে তিনি বিলাসবহুল জীবনযাপন করতেন। তার দামি বাড়ি, স্যুট ও জ্যাকেট (যার একটির মূল্য ১৫ হাজার ডলার) ছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত