তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ধর্মকে ব্যবহার করলেও বিএনপি কখনো এ দেশে ইসলামের খেদমতের জন্য কিছুই করেনি। বরং ইসলামের কথা বলে মানুষকে ধোঁকা দিয়েছে। গতকাল শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইউনাইটেড ইসলামী পার্টির আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপিকে ‘ধোঁকাবাজের দল’ আখ্যায়িত করে তথ্যমন্ত্রী বলেন, দলটি ক্ষমতায় যাওয়ার জন্য সব সময়ই ইসলামকে ব্যবহার করেছে এবং এখনো করছে। আলেম সমাজের মাথায় কাঁঠাল ভেঙেই অতীতে বিএনপি-জামায়াত ক্ষমতায় গেছে। তবে আলেম সমাজের উপকারে কোনো কাজ তারা করেনি।
ইসলাম ও আলেম সমাজের জন্য প্রধানমন্ত্রীর অবদানের কথা তুলে ধরতে গিয়ে হাছান বলেন, বাংলাদেশের আলেমদের শতবর্ষের দাবি ছিল, একটি ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। এর আগে অনেকেই ক্ষমতায় এলেও তা পূরণ হয়নি। কিন্তু শেখ হাসিনা সেই বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। কওমি মাদ্রাসার সর্বোচ্চ শিক্ষাসনদকে ¯œাতকোত্তরের স্বীকৃতি দেওয়া হয়েছে। এ নিয়ে সংসদে আইন পাস হয়েছে।
