বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, ‘লাউয়াছড়া জাতীয় উদ্যানের জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বনের ভেতর দিয়ে যাওয়া সড়ক ও ট্রেন লাইন নতুনভাবে নির্মাণ ও সরানোর বিষয়টি সরকারের পরিকল্পনায় রয়েছে। পাশাপাশি সড়কটি বন্ধ না করে উভয় পাশে কাঁটাতারের বেড়া দিয়ে ফ্যানসিং (বেষ্টনী) করার পরিকল্পনা আছে। এটি বাস্তবায়িত হলে বন্যপ্রাণী দুর্ঘটনায় মারা যাবে না।’
গতকাল শনিবার দুপুরে মৌলভীবাজার বর্ষিজুড়া ইকোপার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন মন্ত্রী। তিনি আরও বলেন, ‘আমরা পরিবেশের জন্য ক্ষতিকারক পলিথিন ব্যবহার বন্ধ করে দিলে এমনিতেই পলিথিন উৎপাদন বন্ধ হয়ে যাবে।’ এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, পৌর মেয়র ফজলুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, বিভাগীয় বন কর্মকর্তাসহ অনেকে। এদিন সন্ধ্যায় মৌলভীবাজার পৌরসভা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য ও বনমন্ত্রী শাহাব উদ্দিন।
