দ্বিতীয় ম্যাচের সেই ৪৫ রানের দুঃসহ স্মৃতির পর তৃতীয় ম্যাচেও প্রায় একই অবস্থা। টি-টোয়েন্টির শক্তিশালী দল বলে ক্রিকেটবিশ্বে পরিচিত ওয়েস্ট ইন্ডিজ রোববার রাতে ইংল্যান্ডের কাছে হেরেছে ৮ উইকেটে। এই জয়ে ৩-০ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা।
সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। ১৩ ওভারে ৭১ রানে গুটিয়ে যায় দলটি। দুই উইকেট হারিয়ে ১০ ওভার ৩ বলে জয় তুলে নেয় ইংল্যান্ড।
শুরুতে ব্যাট করতে নেমে ডেভিড উইলির তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। তিন ওভারে সাত রান দিয়ে ক্যারিয়ার সেরা চার উইকেট নেন তিনি। সমান ওভারে মার্ক উড ৯ রান দিয়ে ফেরান তিনজনকে। দুই উইকেট নেন আদিল রশিদ।
ওয়েস্ট ইন্ডিজের কেউ ২০’র ঘরে পা রাখতে পারেননি। ১০ কিংবা তার উপরে রান করেছেন মাত্র চারজন!
জবাব দিতে নেমে জনি বেয়ারস্টো ৩১ বলে ৩৭ রানের ইনিংস খেলে কাজটা সহজ করে দেন। জো রুট (৪) এবং অধিনায়ক মরগান (১০) অপরাজিত থেকে ম্যাচ শেষ করে আসেন।
ক্যারিবিয়ান সফরে শুরুতে ভালোই লড়াইয়ের মুখে পড়তে হয় ইংল্যান্ডকে। তিন টেস্টের দুটিই জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওডিআই সিরিজ ‘ড্র’ হয়। কিন্তু টি-টোয়েন্টি হয়ে গেল একপেশে।
দাপুটে বোলিংয়ের পুরস্কার হিসেবে ম্যাচ সেরা হয়েছেন উইলি। গোটা সিরিজে দুর্দান্ত খেলা ক্রিস জর্ডান হয়েছেন সিরিজ সেরা।
