আশাশুনিতে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই খুন

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০২:৪৮ পিএম

সাতক্ষীরার আশাশুনিতে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রতাপনগরের ইউনিয়ন পরিষদ সদস্য (৪নম্বর ওয়ার্ড) আয়ুব আলী জানান, নিহত আনোয়ারুল ইসলাম (৩০) প্রতাপনগরের আহমদ আলী সরদারের ছোট ছেলে। এক সময় ছোটখাটো মুদি দোকান ছিল আনোয়ারুলের।

আয়ুব আলী জানান, জমিজমা নিয়ে বাবার সঙ্গে আনোয়ারুলসহ বড় ভাই আনিসুর রহমান ও মিজানুর রহমান আলোচনা করছিল। এ সময় উত্তপ্ত বাক্য বিনিময়ের একপর্যায়ে বড় দুই ভাইয়ের ছুরিকাঘাতে আনোয়ারুল মারা যান।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, সোমবার দুপুরে অর্থসম্পদের বিরোধে বড় ভাইদের ছুরিকাঘাতে ছোট ভাই আনোয়ারুল ইসলাম নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গেছে। বড় দুই ভাই পলাতক রয়েছে। এখনও
পর্যন্ত কোনো মামলা হয়নি।

ইউপি সদস্য আয়ুব আলী বলেন, পাঁচ বোন ও তিন ভায়ের মধ্যে আনোয়ারুল ছোট। প্রতিবেশীদের বরাত দিয়ে ইউপি সদস্য বলেন, আনোয়ারুলদের পরিবারে অর্থসম্পদ নিয়ে মাঝেমধ্যেই পারিবারিক বিরোধ দেখা দিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত