‘প্রক্টর, প্রভোস্টের সহায়তায়' কুয়েত মৈত্রি হলে বস্তাভর্তি ব্যালটে সিল

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৯:৪৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) কুয়েত মৈত্রী হল থেকে সোমবার উদ্ধার বস্তাভর্তি ব্যালটে সিল দেওয়ার ঘটনা প্রক্টর ও হল প্রভোস্টের সহায়তায় হয়েছে বলে অভিযোগ করেছেন প্রার্থী ও ভোটাররা।  

সোমবার ডাকসু নির্বাচনের শুরুতে বস্তাভর্তি ব্যালট উদ্ধার হওয়ার ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয় পুরো ক্যাম্পাস। উদ্ধার সহস্রাধিক ব্যালটে হলটির ছাত্রলীগের প্যানেলে সিল দেওয়া ছিল।  

তবে ছাত্রলীগের দাবি, ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যালটগুলো বের করে আনা হয়েছে এবং সেগুলো ভুয়া ব্যালট।

উদ্ধারকারী ছাত্রীদের সঙ্গে কথা বললে তারা জানায়, কুয়েত মৈত্রী হলে শূন্য ব্যালট বাক্স দেখতে না দেওয়া পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করবে না বলে দাবি তুলে কেন্দ্রে অবস্থান নেয় ভোটার এবং প্রার্থীরা। সকাল সাড়ে সাতটা থেকে হলের প্রভোস্ট শবনম জাহানকে শূন্য ব্যালটবাক্স দেখানোর জন্য বারবার চাপ দিতে থাকেন ছাত্রীরা।

তারা জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী এবং উপ-উপাচার্য আব্দুস সামাদ হলে এসে ছাত্রীদের ব্যালটবাক্স দেখাতে রাজি হলেও ভোটকক্ষের দরজা লাগিয়ে দেন। এর প্রায় ২৫ মিনিট পার হলেও দরজা না খোলায় শিক্ষার্থীদের সন্দেহ হয়। তারা দরজা জোরে ধাক্কা দিলে দেখতে পান, কক্ষের পেছনের দরজা দিয়ে ছাত্রলীগের কয়েকজন প্রার্থী পাশের কক্ষে বস্তায় কিছু একটা সরিয়ে ফেলছে। 

এমন সময় ছাত্রীরা দৌড়ে বস্তাটি উদ্ধার করলে ছাত্রলীগের প্যানেলে সিল মারা প্রায় সহস্রাধিক ব্যালট পাওয়া যায় বলে তারা অভিযোগ করেন।  

পরে সকাল ৯ টার দিকে এই বস্তাভরা ব্যালট উদ্ধার করে হলটির গেটে থাকা সাংবাদিকদের সামনে তুলে ধরেন তারা। এ সময় ছাত্রীরা বিক্ষোভ করেন।

এ ঘটনায় হলটির ভারপ্রাপ্ত প্রভোস্ট ও ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শবনম জাহানকে অব্যাহতি দিয়ে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা নাসরীনকে তাৎক্ষণিক দায়িত্ব দেওয়া হয়।

এই ঘটনার একটি তদন্ত কমিটি গঠন করে বেলা ১১টা ১০ মিনিটে আবার ভোটগ্রহণ শুরু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

অন্যদিকে ছাত্রলীগের প্যানেল সিলমারা অবস্থায় বস্তাভর্তি ব্যালট উদ্ধারের বিষয়ে জানতে চাইলে ছাত্রলীগের জিএস প্রার্থী ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, ‘কুয়েত মৈত্রী হল থেকে গতকাল সকালে যে ব্যালটগুলো বের করে সাংবাদিকদের দেখানো হয়েছে সেগুলো আসল নয়, ভুয়া।  ভুয়া ব্যালটে ছাত্রলীগের প্যানেলে ছিল মেরে সেগুলো উদ্ধারের নাটক মঞ্চস্থ করে ছাত্রলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে।  ছাত্রলীগকে জয়যুক্ত করে সাধারণ শিক্ষার্থীরা এর জবাব দিয়েছে’।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত