বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্র্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) শ্রমিক-কর্মচারী ইউনিয়ন সিবিএর (কালেক্টিভ বার্গেনিং এজেন্ট) কার্যক্রম অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। পাশাপাশি ৩০ দিনের মধ্যে এ সংগঠনের নিবন্ধন বাতিল করতে শ্রম অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে। এই সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জারি করা রুলের ওপর শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।
রিটকারীর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার শফিক আহমেদ, ব্যারিস্টার মাহবুব শফিক ও অ্যাডভোকেট মন্টু চন্দ্র ঘোষ। আইনজীবী মন্টু চন্দ্র ঘোষ জানান, এ রায়ের ফলে বিআইডব্লিউটিএর সিবিএর কার্যক্রম পরবর্তী নির্বাচন না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
আইনজীবীরা জানান, শ্রম অধিদপ্তর থেকে ২০১৬ সালে নিবন্ধন পায় বিআইডব্লিউটিএর কর্মচারীদের সংগঠন সিবিএ। সংগঠনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদীবন্দরের মেডিকেল অ্যাটেনডেন্ট ও বিআইডব্লিউটিএর এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মুজিবর রহমান।
