ফের গ্যাসের দাম বাড়ানোর প্রক্রিয়া স্থগিত চেয়ে হাইকোর্টে করা রিট আবেদন শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য ৩১ মার্চ ধার্য করা হয়েছে। বিচারপতি এফ আরএম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। বিইআরসির পক্ষে ছিলেন আইনজীবী ফিদা এম কামাল। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
সম্প্রতি গ্যাসের বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে ১ চুলা ৭৫০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার টাকা ও ২ চুলা ৮০০ থেকে বাড়িয়ে ১ হাজার ২শ’ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে।
এছাড়া মিটার যুক্ত গ্যাসের ক্ষেত্রে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ৯ টাকা ১০ পয়সা থেকে বাড়িয়ে ১৩ টাকা ৬৫ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।
এ লক্ষ্যে রাজধানীর টিসিবি ভবনে গণশুনানি শুরু করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আগামীকাল ১৪ মার্চ পর্যন্ত এ গণশুনানি চলবে।
