কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজ ক্যাম্পাসের গাছ অবৈধভাবে কেটে বিক্রির প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বুধবার সকালে কলেজের মূল ফটকের সামনে মানববন্ধনে বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীসহ প্রায় শতাধিক এলাকাবাসী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের ২০১৬ সালে যোগদানের পর থেকে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এই অধ্যক্ষ নিয়মনীতির তোয়াক্কা না করে, গোপনে কলেজ চত্বরে থাকা প্রায় লক্ষাধিক টাকা মূল্যের বিশাল আকারে রেইন ট্রি গাছ কেটে ফেলেন।
কলেজের ছাত্রাবাস মাসিক ২ হাজার টাকায় জনৈক এক ব্যক্তিকে ভাড়া দেন। বক্তরা অবিলম্বে অধ্যক্ষের বদলিসহ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ প্রসঙ্গে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু তাহের বলেন, ক্যাম্পাসের কোনোকিছু অপসারণের জন্য কারো অনুমতির প্রয়োজন হয় না।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সোহরাব হোসেন মোল্লা, পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক মানিক প্রমুখ।
