ঢাকায় বায়ুদূষণ রোধে ব্যর্থতায় হাইকোর্টের অসন্তোষ

আপডেট : ১৩ মার্চ ২০১৯, ০৭:২৮ পিএম

রাজধানী ঢাকায় বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। বায়ুদূষণ রোধে এর আগে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন আদেশের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেয়া হয়েছে তা জানাতে পরিবেশ অধিদপ্তরের বায়ুমান ব্যবস্থাপনা বিভাগের পরিচালককে তলব করেছেন আদালত।

১০ এপ্রিল তাকে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে হবে। পাশাপাশি ঢাকার দুই সিটি করপোরেশনকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিচারপতি এফআরএম নাজমুল আহসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। 

ঢাকার বায়ু দূষণ রোধে পদক্ষেপ গ্রহণের নির্দেশনা চেয়ে পরিবেশ ও মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে সংগঠনের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরেসদ ২৭ জানুয়ারি একটি রিট আবেদন করেন।

শুনানি নিয়ে হাইকোর্টের এই বেঞ্চ ২৮ জানুয়ারি কয়েকটি অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।

তিন দফা নির্দেশনার মধ্যে ছিল রাজধানীর যেসব এলাকায় উন্নয়ন ও সংস্কারমূলক কাজ চলছে সেখানে দিনে দুই বার পানি ছিটানো, নির্মাণাধীন কাজের জায়গা ঢেকে রাখা এবং এসব বিষয় বাস্তবায়নের জন্য পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে সপ্তাহে দুই দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা।

ঢাকার দুই সিটি করপোরেশন ও পরিবেশ অধিদপ্তরকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয় আদেশে। এ বিষয়ে অগ্রগতি প্রতিবেদন দাখিলের নির্ধারিত দিন ছিল বুধবার।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আবদুল্লাহ আল মাহমুদ বাশার।

প্রতিবেদনের ওপর শুনানি কালে আদালত বলেন, বায়ুদূষণ রোধে নেওয়া পদক্ষেপ আমাদের হতাশ করেছে। পরিবেশ রক্ষায় কোনো কাজ হচ্ছে না। আমরা ক্ষুব্ধ।

আদালত আরো বলেন, যেসব এলাকায় উন্নয়নমূলক কাজ চলছে, সেসব এলাকায় প্রচুর ধুলা-বালি পরিবেশকে দূষিত করছে। আমাদের মেট্রোরেল যেমন দরকার তেমনি বায়ুদূষণ রোধ করাও জরুরি। আমাদের সন্তানদের রক্ষা করতে হলে বায়ুদূষণ বন্ধ করতে হবে।

রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ বলেন, ‘এর আগে ঢাকায় ধুলায় দূষণ রোধে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছিল তা পরিবেশ অধিদপ্তর ও দুই সিটি করপোরেশন যথাযথভাবে প্রতিপালন না করায় অসন্তোষ প্রকাশ করেছেন আদালত। আদালত সিটি করপোরেশনকে আবারো প্রতিবেদন দিতে বলেছেন।’

তিনি জানান, গত ৬ মার্চ বায়ু দূষণ নিয়ে একটি ইংরেজি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দুটি আন্তর্জাতিক সংস্থার বরাত দিয়ে বলা হয়, ঢাকা শহর বায়ুদূষণের দিক থেকে বিশ্বের দ্বিতীয়। ওই প্রতিবেদনে পরিবেশ অধিদপ্তরের বায়ু মান ব্যবস্থাপনা পরিচালক বলেছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনটি সঠিক নয়। তার এই বক্তব্য এবং বায়ুদূষণে কী পদক্ষেপ নেয়া হয়েছে এর ব্যাখ্যা দিতে তাকে তলব করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত