চুয়াডাঙ্গায় ‘শীর্ষ সন্ত্রাসী’ ইমরানের গুলিবিদ্ধ মরদেহ

আপডেট : ১৪ মার্চ ২০১৯, ১০:২৫ এএম

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড শীর্ষ সন্ত্রাসী ইমরান হোসেনের (২৭) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার সকালে জেলার জীবননগর উপজেলার উথলী মোল্লাবাড়ি গ্রামের একটি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ইমরান হোসেন আলমডাঙ্গা উপজেলার কলেজ পাড়ার মৃত অবসরপ্রাপ্ত কনস্টেবল আব্দুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, উথলী মোল্লাবাড়ি গ্রামের কৃষকরা সকালে মাঠে কাজ করতে গেলে ডিঙ্গেখালী মাঠের একটি ইপিল বাগানের মধ্যে গুলিবিদ্ধ একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর দেয় জীবননগর থানায়। পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পরে নিহতের পরিবারের সদস্যরা ইমরানের মরদেহ সনাক্ত করেন।

জীবননগর থানার অফিসার ইনচার্জ শেখ গণি জানান, নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে ইমরান হোসেন খুন হতে পারেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় ও বুকে গুলি করে হত্যা করেছে। হত্যার কারণ ও খুনিদের সনাক্ত করতে পুলিশি অনুসন্ধান ইতোমধ্যে শুরু হয়েছে।

সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা জীবননগর সার্কেল) আবু রাসেল জানান, নিহত ইমরান চুয়াডাঙ্গা জেলা পুলিশের মোস্ট ওয়ান্টেড। তার বিরুদ্ধে ডাকাতি, ছিনতাই, অস্ত্র ব্যবসা এবং নারী ও শিশু নির্যাতন মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ দীর্ঘদিন হন্যে হয়ে খুঁজছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত