সংগীতপ্রেমীদের মনের ঘরকে নতুন অনুভূতিতে রাঙাতে এবার প্রকাশ পেতে যাচ্ছে জনপ্রিয় সংগীতশিল্পী কিশোর পলাশের ‘ঘরের বাত্তি’। চমৎকার কাব্যকথনে আবৃত এ গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ। অভি আকাশের সুরে গানটির সংগীত পরিচালনা করেছেন মুসফিক লিটু।
দৃষ্টিনন্দন মিউজিক ভিডিওসহ নতুন এ গানটি প্রকাশ করতে যাচ্ছে দেশের প্রথমসারির অডিও-ভিডিও প্রযোজনা-পরিবেশনা প্রতিষ্ঠান জি সিরিজ। বিকাশ সাহা পরিচালিত এই ভিডিওতে মডেল হয়েছেন জনপ্রিয় মডেল-অভিনেতা এলেন শুভ্র, ফারজানা রিক্তা এবং সম্ভাবনাময় মডেল-অভিনেতা মোরসালিন আলিফ জিয়ন।
সুনামগঞ্জের টেকেরঘাট, নীলাদ্রির বিভিন্ন মনোরম লোকেশনে গানটির চিত্রায়ণ হয়েছে বলে জানিয়েছেন ভিডিও নির্মাতা বিকাশ সাহা।
‘আমার নাইরে বাড়ি নাইরে ঘর, নাইরে ঘরের ছাদ/ আসমান আমার ঘরের ছাউনি, ঘরের বাত্তি চাঁদ’-এমনি হৃদয়গ্রাহী কাব্যকথায় গড়ে ওঠা এ গানটি মিউজিক ভিডিওসহ ১৪ মার্চ প্রকাশ পেয়েছে জি সিরিজ-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। গানটি অবমুক্তির পর একইভাবে শুনতে পাওয়া যাবে জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।
নতুন এই গান প্রসঙ্গে কিশোর পলাশ বলেন, ‘অসম্ভব সুন্দর কথামালায় গানটি লিখেছেন দেলোয়ার আরজুদা শরফ এবং গানের কথা ও ভাব গভীরতায় একাত্ম হয়ে চমৎকার সুর করেছেন অভি আকাশ। পাশাপাশি মুসফিক লিটুর মায়ামোহী সংগীত পরিচালনায় গানটি ভিন্ন এক মুগ্ধতা তৈরি করেছে। আমিও চেষ্টা করেছি সর্বোচ্চটা দিয়ে গাইতে। আশা করছি, গানটি সবার মধ্যে ভিন্ন অনুভূতি জোগাবে।’
‘ভাঙা তরী ছেঁড়া পাল’-খ্যাত এ সংগীতশিল্পী আরো বলেন, ‘অনেক সময় ব্যয় করে যত্ন নিয়ে গানটি করেছি। গানের মর্ম-ভাবকে রূপকল্পে নিয়ে নান্দনিক মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিকাশ সাহা। এতে এলেন শুভ্র, ফারজানা রিক্তা এবং জিয়নের প্রাণবন্ত রসায়ন সবার মনে নতুন অনুরণন তৈরি করবে বলে আমার বিশ্বাস।’
উল্লেখ্য, কিশোর পলাশ বর্তমানে দেশে ও দেশের বাইরের স্টেজ প্রোগ্রাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তা ছাড়া শ্রোতাদের জন্য নতুন নতুন গানও কণ্ঠে তুলছেন।