খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্বৃত্তের গুলিতে পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা সুখময় চাকমা ওরফে তারাবন চাকমা (৪০) নিহত হয়েছেন।
উপজেলার অক্ষয় পাড়ায় শুক্রবার সকাল আনুমানিক সকাল সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। প্রসিত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ নেতা নিহত তারাবন চাকমার বাড়ি রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলার কেরেতছড়ি হলেও দীর্ঘদিন ধরে পানছড়ি উপজেলার কুড়াদিয়া ছড়ায় তিনি বসবাস করতেন।
ইউপিডিএফ এর কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে অভিযোগ করেন, সংস্কারপন্থী জনসংহতি সমিতির চিহ্নিত দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি নিহত ব্যক্তিকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করেন। তবে, জনসংহতি সমিতির (এমএন লারমা) কেন্দ্রীয় ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক সুদর্শন চাকমা এই ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
পানছড়ি থানার ওসি নুরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল অনেক দুর্গম। লাশ উদ্ধারে সময় লাগতে পারে।
