ওসমানীনগরে রাতে নিখোঁজ কিশোরের লাশ মিলল সকালে

আপডেট : ১৫ মার্চ ২০১৯, ০৮:১৭ পিএম

সিলেটের ওসমানীনগর উপজেলায় আগের রাতে নিখোঁজ কিশোর মোস্তাফিজুর রহমানের (১৫) লাশ শুক্রবার সকালে স্থানীয় একটি বিদ্যালয় মাঠ থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত মোস্তাফিজুর রহমান মান্দারুকা গ্রামের আবদুল মোসাব্বিরের ছেলে। বৃহস্পতিবার রাত থেকে সে নিখোঁজ ছিল।

শুক্রবার সকালে উপজেলার উমরপুর ইউনিয়নের মান্দারুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মোস্তাফিজের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

ওসমানীনগর থানার ওসি এসএম আল মামুন জানান, মোস্তাফিজের মুখ থেঁতলানো ছিল। ধারণা করা হচ্ছে ইট কিংবা ভারী কোন জিনিস দিয়ে আঘাত করে তাকে হত্যা করা হয়েছে।

নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে ওসি আরও জানান, বৃহস্পতিবার রাতে মোস্তাফিজকে তার বন্ধুরা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতে আর সে বাড়ি ফেরেনি। ধারণা করা হচ্ছে বন্ধুদের হাতেই মোস্তাফিজ খুন হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাফিজের এক বন্ধুকে আটক করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করেননি ওসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত