শরীয়তপুর সরকারি কলেজ ১৯৭৮ সালে যাত্রা শুরু করে। এরপর কেটে গেছে ৪০ বছর। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে বেলুন ও কবুতর উড়িয়ে ৪০ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভাঙে দিনব্যাপী মিলনমেলা।
সকাল ৯টার দিকে কলেজ প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করা হয়। এতে প্রায় ছয় হাজার শিক্ষার্থী অংশ নেন। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভার উদ্বোধন করেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি বলেন, ‘এ সরকারের আমলে ১০ বছরে শিক্ষা খাতে ব্যাপক উন্নত হয়েছে। আমাদের বহু দূরে যেতে হবে। তাই সকল শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতা চাই।’ শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকরা শিক্ষার্থীদের নোট ব্যবহার ও কোচিংয়ে উৎসাহিত করবেন না। প্রাইভেট কোচিং শিক্ষকদের কাজ হতে পারে না।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, কেন্দ্রীয় আওয়ামী যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, জেলা প্রশাসক কাজী আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুর রব মুন্সী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, শরীয়তপুর পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল হাশেম তপাদার প্রমুখ।
