সময়ের অন্যতম সেরা দুই টেনিস তারকা রজার ফেদেরার ও রাফায়েল নাদালের মধ্যকার আরও দ্বৈরথ দেখতে যাচ্ছে বিশ্ব। ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পরিবাস ওপেনের সেমি-ফাইনালে মুখোমুখি হবে তারা।
প্রতিযোগিতাটির ফাইনালে ওঠার লড়াইয়ে স্থানীয় সময় শনিবার রাতে মুখোমুখি হবে ফেদেরার-নাদাল। এটা হবে তাদের মধ্যকার ৩৯তম লড়াই। গত ১৬ মাসের মধ্যে এটা হবে তাদের প্রথম লড়াই।
শেষ চারের টিকিট নিশ্চিত করার পথে চতুর্থ বাছাই সুইজারল্যান্ডের ফেদেরার পোল্যান্ডের হাবার্ট হারকাসকে ৬-৪, ৬-৪ গেমে হারান।
কোয়ার্টার-ফাইনালের বাধা উতরাতে ঘাম ঝড়াতে হয়েছে ৩২ বছর বয়সী নাদালকে। খেলার মাঝে ডান হাঁটুতে চিকিৎসা নেওয়া দ্বিতীয় বাছাই স্পেনের এই খেলোয়াড় রাশিয়ার কারেন খাখানভকে হারান ৭-৬, ৭-৬ গেমে।
তবে শনিবারের সেমি-ফাইনালে ২০টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৭ বছর বয়সী ফেদেরারের সঙ্গে লড়তে প্রস্তুত থাকবেন বলে জানিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল, “আমি চোট কাটিয়ে উঠতে সর্বোচ্চ চেষ্টা করব। এই ধরনের ম্যাচ আমি খেলতে চাই।”
ফেদেরার ও নাদালের মধ্যকার সবশেষ লড়াইটি ছিল ২০১৭ সালের অক্টোবরে, সাংহাই মাস্টার্সে। ওই লড়াইয়ে সরাসরি সেটের জয় পেয়েছিলেন ফেদেরার। তাদের দ্বৈরথের সবশেষ পাঁচটিই জিতেছেন ফেদেরার। কিন্তু জয়ের মোট সংখ্যায় ২৩-১৫ ব্যবধানে এগিয়ে নাদাল।
