নিউজিল্যান্ডে হামলা মানব সম্প্রদায়ের ওপর আঘাত: মির্জা ফখরুল

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৮:৪৯ পিএম

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ‘সন্ত্রাসী’ হামলা শুধু গণতন্ত্র নয় মানব সম্প্রদায়ের ওপর আঘাত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার বিকেলে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়াকে শুধুমাত্র রাজনৈতিক কারণে সরকার জেলে আটকে রেখেছে দাবি করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের নির্দেশে দলকে পুনর্গঠনের কাজ চলছে। খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তার জন্য শান্তিপূর্ণ আন্দোলন করে যাচ্ছে বিএনপি। সাধারণ মানুষদের ও আন্তর্জাতিক সম্প্রদায়কে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করবে বিএনপি। 

মানিকগঞ্জের ঘিওর উপজেলার পাঁচুরিয়ায় বিএনপির প্রয়াত মহাসচিব দেলোয়ার হোসেনের গ্রামের বাড়িতে শনিবার এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এর আগে বিকেলে মহাসচিবের কবর জিয়ারত করেন ফখরুলসহ বিভিন্ন নেতারা।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রয়াত মহাসচিবের ছেলে খোন্দকার আকবর হোসেন বাবলু ও খোন্দকার আকতার হামিদ ডাবলুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

২০১১ সালের ১৬ মার্চ সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খোন্দকার দেলোয়ার হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত