চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লোহার কারখানায় বিস্ফোরণে দগ্ধ হয়েছেন ছয় শ্রমিক। গতকাল শনিবার ভোরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকার শীতলপুর অটো স্টিল মিলে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ হারুন পাশা দেশ রূপান্তরকে জানান, কারখানার চুল্লিতে বড় একটি লোহার পাত দেওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে গলিত লোহা ছিটকে শরীরে পড়ে ছয় শ্রমিক দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়।
চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন বলেন, ‘ভোরে অগ্নিদগ্ধ ছয় শ্রমিককে হাসপাতালে আনা হয়। পরে সেখান থেকে গুরুতর আহত চারজনকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে পাঠানো হয়।’
শীতলপুর স্টিল মিলের মালিক নাজিম উদ্দিন বলেন, ‘শ্রমিকদের অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। আহত শ্রমিকদের সবার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা আমরা নিশ্চিত করেছি।’
