রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের ৫০২ নম্বর কোর্সের অনুষ্ঠিত পরীক্ষা পুনরায় নেওয়ার দাবিতে তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। সোমবার (১৮ মার্চ) সকাল থেকে প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়েছেন তারা। এ প্রতিবেদন লেখার সময় ১২টা তারা সেখানে অবস্থান করছিলেন।
এর আগে একই দাবিতে প্রশাসন ভবনের সামনে শনিবার ও রোববার অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, ১৬ তারিখের পরীক্ষা বাতিলের করে নতুন পরীক্ষা তারিখ ঘোষণার দাবিতে তারা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন।
গতকাল ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বরাবর স্বারকলিপি দেওয়া হয়েছিল। তার আশ্বাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি স্থগিত করেন। নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা না করায় তারা সোমবার ফের অবস্থান নেন।
শিক্ষার্থীদের অভিযোগ, একই দাবিতে পরীক্ষা কমিটির চেয়াম্যান বরাবর স্বারকলিপি দিতে গেলে তিনি ক্যাম্পাস বন্ধ বলে তাদের স্বারকলিপি গ্রহণ করেনি। অথচ তিনি গণমাধ্যমে ভিন্ন বক্তব্য দিচ্ছে। আজকের মধ্যে নতুন করে পরীক্ষার তারিখ ঘোষণা না করা হলে আগামীকাল (১৯ মার্চ) থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
জানতে চাইলে বিভাগের সভাপতি অধ্যাপক মো. এনামুল হক বলেন, ‘১৩ জন শিক্ষার্থী উপস্থিত হওয়ায় পরীক্ষা নেওয়া হয়েছিল। তবে উপাচার্য ও পরীক্ষা নিয়ন্ত্রক ইতিবাচক হলে ফের পরীক্ষা নিতে কোনো অসুবিধা নেই।’
প্রসঙ্গত, গত ১৪ মার্চ শিক্ষার্থীদের সহপাঠী ও পরীক্ষার্থী কানিজ ফাতেমার বাবা ইন্তেকাল করেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন ফাতেমা। তার বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে পরদিন শনিবার অনুষ্ঠিতব্য ৫০২ নম্বর কোর্সের ‘কোগনেটিভ নিউরো সাইকোলজি’ পরীক্ষা না নেয়ার জন্য পরীক্ষা কমিটিকে মৌখিকভাবে অনুরোধ করেন শিক্ষার্থীরা। কিন্তু পরীক্ষা কমিটি শিক্ষার্থীদের অনুরোধ আমলে না নিয়ে পরীক্ষা নেয়। যেখানে ৬৪জন শিক্ষার্থীদের মধ্যে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ওই দিন সন্ধ্যায় বাকি ৫২ শিক্ষার্থী নতুন করে পরীক্ষা নেওয়ার দাবি আন্দোলন শুরু করেন।
