সংসদে না আসলে বিএনপি মুসলিম লীগ হবে: নাসিম

আপডেট : ১৮ মার্চ ২০১৯, ১০:৪৬ পিএম

বিএনপিকে সংসদে আসার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, বর্জনের রাজনীতি থেকে সরে আসেন। নয়তো একদিন দেখবেন মুসলিম লীগের মত আপনাদের অবস্থা হয়ে যাবে। ভুল রাজনীতির কারণে বিলীন হয়ে যাবেন বাংলাদেশ থেকে।

সোমবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, আপনারা বর্জনের রাজনীতি আর কত করবেন? সংসদ নির্বাচন বর্জন করবেন, উপজেলা নির্বাচন বর্জন করবেন, সংসদও বর্জন করবেন। এভাবে বর্জন করতে করতে দেখবেন জনগণই একদিন চূড়ান্তভাবে আপনাদের বর্জন করবে।

বিএনপিকে সংসদের আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখনো সময় আছে বর্জনের রাজনীতি থেকে ফিরে আসেন। সংসদে যোগদান করে ৮ জন হলেও কথা বলেন। গলায় শক্তি থাকলে ৮ জনই ৮০ জনের মত কথা বলতে পারবেন। বিরোধী দল বিহীন বাংলাদেশ আমরা চাই না। আপনারা আসেন। শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করেন।

আওয়ামী লীগের প্রবীণ এই নেতা বলেন, একদলীয় গণতন্ত্রে আমরা বিশ্বাস করি না। বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি বলেই আজকে ১৪ দলের নেতারা মঞ্চে বসে আছেন। তারা এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন। তারা অসাম্প্রদায়িক ও বঙ্গবন্ধুর বাংলাদেশে বিশ্বাস করেন বলেই শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছেন। চাওয়া পাওয়ার হিসাব তারা করেন না।

বিএনপি আমলের কথা স্মরণ করে নাসিম বলেন, তখন বঙ্গবন্ধুর জন্মদিন তো দূরের কথা ১৫ আগস্টের শোক দিবসও পালন করতে দেওয়া হতো না। এখন থেকে বারবার রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধুর জন্মদিবস ও মৃত্যুদিবস পালন হবে। আর কোনো দিন কেউ বন্ধ করতে পারবে না।

খালেদাকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘১৫ আগস্ট শোকের দিনে ভুয়া কেক কেটে ভুয়া জন্মদিন পালন করতেন। ক্যান্টনমেন্টের বাড়িতে উল্লাস করতেন। এ জন্যই আজকে আপনার এই পরিণতি হয়েছে। এই পরিণতির জন্য আপনি নিজেই দায়ী।’

সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি সাব্বির আহমেদ রণি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত