বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম নিয়ে প্রতিপক্ষের ওপর 'আক্রমণ' করা হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
তিনি বলেছেন, ঐক্যবদ্ধ জনগণের শক্তির ওপর ভর করে বঙ্গবন্ধু রাজনীতি করেছেন। বঙ্গবন্ধুর নাম নিয়ে মানুষের ওপর আক্রমণ করা হয়। মুখে বঙ্গবন্ধু কিন্তু কাজে বিপরীত।
কামাল হোসেন প্রশ্ন রেখেছেন, অবাধ, নিরপেক্ষ নির্বাচন যারা হতে দিচ্ছে না, বঙ্গবন্ধুর প্রতি তাদের আনুগত্য আছে কি না? বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বলেছেন তিনি।
সোমবার বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ড. কামাল এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাবেক এ নেতা বলেন, ‘অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কি হচ্ছে না, তা চিহ্নিত করেন। দেখেন কারা এটা হতে দিচ্ছে না। যারা হতে দিচ্ছে না, আমরা ধরে নেব বঙ্গবন্ধুর প্রতি তাদের আনুগত্য আছে? না উল্টোটা? যারা ওনার কথাকে অমান্য করাচ্ছে তাদের চিহ্নিত করে সবাই মিলে একঘরে করা দরকার। এরা বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ায় বাধা সৃষ্টি করছে। রুখে দাঁড়াও।’
বঙ্গবন্ধুকে প্রেরণার উৎস উল্লেখ করে গণফোরাম সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ বাস্তবায়ন করার জন্য প্রত্যেককে শপথ নিতে হবে। শুধু কথার মাধ্যমে নয়, বঙ্গবন্ধু যে দায়িত্ব দিয়ে গেছেন, সে দায়িত্ব পালন করার জন্য নিজেদের উৎসর্গ করার মাধ্যমে।’
কামাল হোসেন প্রশ্ন রাখেন, ষোলো আনা গণতন্ত্র দেশে চলছে কি না এবং অবাধ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে কি না? অবাধ, নিরপেক্ষ নির্বাচনকে বঙ্গবন্ধু সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে জানিয়ে কামাল হোসেন বলেন, ভোটের অধিকার ও আইনের শাসনের ব্যাপারে ৪৮ বছর পরও না শুনতে হয়। গণতন্ত্রের জন্য মানুষকে মূল্য দিতে হয়েছে। কিন্তু এরপরও মানুষ গণতন্ত্র ভোগ করতে পারছেন না বলে জানান।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, গণফোরাম থেকে সিলেট-২ আসনে নির্বাচিত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম সদস্য মোকব্বির খান ছাড়া সভায় বক্তব্য দেন গণফোরামের নেতা রেজা কিবরিয়া, আবু সাইদ, মেজর জেনারেল (অব.) আমসা আমিন প্রমুখ।
