নরসিংদীতে আ’লীগের দুই পক্ষের গোলাগুলিতে নিহত ২

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১১:৪৫ এএম

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল মির্জাচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে উপজেলার চরাঞ্চল মির্জাচরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জাফর ইকবাল মানিকের ভাতিজা ইকবাল হোসেন (৩০) ও একই গ্রামের আমানউল্লাহ (২৭)।

আহত সাজ্জাদ হোসেন (২৮), আজিজুল ইসলাম (২৬) ও রহমত উল্লাহকে (১৮) ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়ন যুবলীগের সভাপতি জাফর ইকবাল মানিকের সঙ্গে একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলার মুখে চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থকরা এলাকা ছাড়া হয়। মঙ্গলবার তারা এলাকায় প্রবেশের চেষ্টা করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধ ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর অবস্থায় ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

রায়পুরা থানরি ওসি (অপারেশন) মোজাফর হোসেন জানান, হতাহতরা সবাই চেয়ারম্যান জাফর ইকবাল মানিকের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত