চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের হাতিকাটা এলাকায় কৃষি বিভাগের হর্টিকালচার সেন্টারের একটি সরকারি পিকআপভ্যানের ধাক্কায় রাজু আহমেদ (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু আহমেদ একই হাতিকাটা গ্রামের ডাবলু হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার সকালে দ্রুতগতিতে মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার দিকে যাচ্ছিল হর্টিকালচার সেন্টারের একটি পিকআপ (ঢাকা মেট্রো-ঠ-১৩-০৩৪৫)।
এ সময় হাতিকাটা এলাকায় পৌঁছালে সামনে থাকা সাইকেল আরোহী রাজুকে ধাক্কা দেয় পিকআপটি। এতে সাইকেল আরোহী রাজু রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে নেয়ার কয়েক ঘণ্টা পর মারা যায় রাজু।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, দুর্ঘটনার পর সরকারি ওই পিকআপটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
