মুক্তিপণ না পেয়ে জেলেকে কুপিয়ে জখম করেছে বনদস্যুরা

আপডেট : ২০ মার্চ ২০১৯, ১২:৪৮ এএম

মুক্তিপণ দিতে না পারায় সুন্দরবনে এক জেলেকে কুপিয়ে মারাত্মক জখম করে খাল পাড়ে ফেলে রেখে গেছে বনদস্যুরা।

মঙ্গলবার দুপুরে বনের পদ্মাবতী খাল এলাকা থেকে আহত জেলেকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জেলে মো. সেলিম কাশেম (৪৮) বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী গ্রামের খোকন খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় জেলেরা জানায়, মো. সেলিম কাশেমকে  একদল বনদস্যু আটকে রেখে নির্যাতন করে মুক্তিপণের দাবিতে। ওই জেলের পরিবারের পক্ষ থেকে মুক্তিপণ না দেওয়ায় বনদস্যুরা ক্ষিপ্ত হয়ে তাকে কুপিয়ে মঙ্গলবার বনের পদ্মাবতী খাল পাড়ে ফেলে যায়।

খবর পেয়ে দুপুরে মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে মোংলার জয়মনিরঘোল গ্রামের জেলেদের কাছে তুলে দেয়।

এ সময় স্থানীয় জেলেরা আহত ওই জেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তিনি মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার এলাকায় বসবাস করতেন বলে জানিয়েছেন স্থানীয় জেলেরা।

মোংলা থানার এএসআই বিশ্বজিৎ কুমার বলেন, হাসপাতালে ভর্তি জেলে সেলিম কাশেমের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তার অবস্থা সংকটাপন্ন। বাম হাতের কবজি পড়ে গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে সব জানার চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত