বিএনপির বিদ্রোহীকে ঠেকাতে আওয়ামী লীগের চারজন

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০৯:৫৮ পিএম

প্রার্থীদের পোস্টার-ব্যানারে ছেয়ে গেছে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাজার, পাড়া-মহল্লা। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মহম্মদপুরে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫ জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান। দলীয় মনোনয়ন না পেয়ে তাকে চ্যালেঞ্জ করে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আব্দুল্লাহেল কাফি, কে এম ফারুকুজ্জামান ও জাফর সাদিক।

আওয়ামী লীগের এ ৪ প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন উপজেলার বর্তমান চেয়ারম্যান ও মহম্মদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান বাচ্চু। একাদশ সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে বিএনপি এবার উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করছে না। সেই অর্থে তিনিও দলের বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রার্থী হওয়ায় সম্প্রতি এই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

উপজেলার কয়েকটি ইউনিয়নের ভোটারদের সঙ্গে কথা বলে জানান যায়, প্রতিযোগিতার লড়াইয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল মান্নান ও আব্দুল্লাহেল কাফির সঙ্গে বিএনপির বহিষ্কৃত নেতা জাহাঙ্গীর আলম বাচ্চুর হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। ক্ষমতাসীন দল মনোনীত প্রার্থী আবদুল মান্নান বলেন, ‘দীর্ঘদিন দলীয় নেতাকর্মীর সঙ্গে রাজনীতি করছি। তাদের উৎসাহে প্রার্থী হয়েছি। দলীয় ও সাধারণ জনগণের সমর্থন আমাকে বিজয়ী করবে।’

আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল্লাহেল কাফি বলেন, ‘আমার সঙ্গে স্থানীয় জনগণের অবিচ্ছেদ্য সম্পর্ক। আমি সবসময় সুখে-দুঃখে জনগণের স্বার্থে কাজ করেছি। এ কারণে জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে।’

সাবেক বিএনপি নেতা ও স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম খান বাচ্চু বলেন, ‘দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় কিছু ক্ষেত্রে জটিলতা রয়েছে।’ তিনি জানান, ভোটের মাঠে তার ভালো সমর্থন রয়েছে। তবে দলীয় নেতাকর্মীর সঙ্গে আলোচনা করে পরে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।

আগামী ২৪ মার্চ এ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত