বাংলাদেশের সমুদ্র অর্থনীতিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বুধবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর সঙ্গে সাক্ষাতে এ আগ্রহের কথা জানান।
বৈঠকে যুক্তরাষ্ট্রের আগ্রহের বিষয়ে তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন প্রতিমন্ত্রী। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন। চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ও নিরাপত্তার বিষয় আলোচনায় স্থান পায়। পাশাপাশি মোংলা বন্দর, পায়রা বন্দর ও মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরের কার্যক্রম নিয়েও এ সময় আলোচনা হয়। প্রতিমন্ত্রী রাষ্টদূতকে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থ এবং মন্ত্রণালয়ের স্মারক শুভেচ্ছা উপহার হিসেবে দেন। নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন।
