নারীদের সহকর্মী হিসেবে ভালো লাগলেও, বস হিসেবে পছন্দ করেন না অনেকেই। তাই নারী বস হিসেবে সুষ্ঠুভাবে অফিস চালাতে আপনার জন্য বিশেষ কিছু উপায় জানালেন রবিউল ইসলাম
রিক্তাকে অফিসের সবাই একটু ভয় পায়। কারণ রিক্তা হলেন অফিসের ম্যানেজিং ডিরেক্টর। অফিসে অধিকাংশ স্টাফ পুরুষ হওয়ায় মাঝেমধ্যে বেশ অসুবিধায় পড়তে হয় তাকে।
অফিসের বয়স্ক পুরুষরা তাকে বস হিসেবে মানলেও, অনেক সময় তাদের সিদ্ধান্তগুলো রিক্তার ঘাড়ে চাপিয়ে দেন। রিক্তার যোগ্যতা নিয়ে সন্দেহ করেন।
এ ছাড়া অফিসে বেশ কয়েকজন মহিলা স্টাফও আছেন। এসব নারী স্টাফরা
আবার রিক্তাকে হিংসা করেন। তারা রিক্তার সঙ্গে নিজেদের যথাযথভাবে মানিয়ে নিতে চান না। তাই নারী বস হিসেবে অফিস চালানোটা রিক্তার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
বস হিসেবে করণীয়
আপনার প্রথম কাজ হলো অফিসের সমস্ত কাজ সবার মধ্যে ভাগ করে দেওয়া। এবার নিজেই এসব কাজের তদারকি করুন। সবার কাজকে সম্মানের সঙ্গে মূল্যায়ন করুন। কেউ ভালো কাজ করলে তার কাজের স্বীকৃতি দিন। আবার কেউ যদি সমস্যার মুখোমুখি হয়ে আপনার কাছে আসে, তবে বিরক্ত হবেন না। বরং হাসিমুখে সমাধান করে দিন।
যেহেতু আপনি নতুন দায়িত্ব নিয়েছেন, তাই শুরুতেই অফিসের সামগ্রিক পরিস্থিতি ভালো করে বুঝে নিন। যতই ব্যস্ত থাকুন না কেন সবার সঙ্গে যোগাযোগ রেখে চলুন। মাঝেমধ্যে সবাইকে নিয়ে মিটিংয়ের আয়োজন করুন। সেখানে সবাইকে প্রশ্ন বা মন্তব্য করার সুযোগ দিন। আলোচনা থেকে মূল্যবান মতামতও পেতে পারেন।
নিজে কোনো সমস্যায় পড়লে ভেঙে পড়বেন না। অফিসে যারা অভিজ্ঞ আছে তাদের সমস্যার কথা খুলে বলুন। তাদের কাছ থেকে পরামর্শ নিন। তরুণ স্টাফদের সঙ্গেও শেয়ার করতে পারেন। কারণ তরুণদের কাছ থেকেও অনেক সৃজনশীল আইডিয়া আসে। তবে সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার সময় কারও দ্বারা প্রভাবিত না হওয়াই ভালো। এ ব্যাপারে নিজের ওপর আস্থা রাখুন। তবে আপনার সিদ্ধান্ত অবশ্যই অফিসের সবাইকে জানাবেন। তাহলে অফিস পরিচালনা ব্যবস্থায় স্বচ্ছতা আসবে।
অফিসে সবার কাজ আপনার পছন্দ নাও হতে পারে। তাই কারও কাজ নিয়ে আপনার অসুবিধা হলে তার সঙ্গে সরাসরি আলোচনা করুন। অন্যের দ্বারস্থ না হয়ে নিজেই তার সম্পর্কে জানুন। হয়তো কোনো ভুল ধারণা থেকে আপনি তাকে ভুল বুঝছেন। এমনও হতে পারে কোনো পারিবারিক সমস্যার কারণে তিনি কাজে মনোযোগী হতে পারছেন না। তাই সমস্যাটা সবার আগে জানার চেষ্টা করুন। সম্ভব হলে সমাধানের চেষ্টা করুন।
আপনার ব্যক্তিত্ব, ডিসিপ্লিন, নিরপেক্ষতা এবং কাজের প্রতি শ্রদ্ধা দেখেই তারা আপনাকে নিজেদের নেতা হিসেবে মেনে নেবেন। আপনাকে অবশ্যই অফিস পলিটিকস, গসিপ এবং পারস্পরিক হিংসা থেকে দূরে থাকতে হবে। সবাইকে সাধ্যমতো সাহায্য করার চেষ্টা করুন। তাহলেই অফিসে আপনি আপনার প্রাপ্ত সম্মান পাবেন।
