নাগরিকের হাতে সামরিক ঘরানার অস্ত্র নিষিদ্ধ করল নিউজিল্যান্ড

আপডেট : ২১ মার্চ ২০১৯, ০৮:৩৪ এএম

ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় যে সেমি-অটোমেটিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এ ধরনের সকল সামরিক অস্ত্র নিষিদ্ধ করবে নিউজিল্যান্ড।

বিবিসি জানায়, গত শুক্রবার সন্ত্রাসী হামলার ছয়দিন পর বৃহস্পতিবার দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা অরডার্ন এ ঘোষণা দিলেন।

আরডার্ন জানান, ১১ এপ্রিলের মধ্যে নতুন এ আইন অনুমোদন হতে পারে বলে তিনি আশা করছেন।

তিনি জানান, এ আইন অনুমোদন হওয়ার আগে যারা  আধা-স্বয়ংক্রিয় অস্ত্র কিনেছে বা সংগ্রহ করেছে সেসব ফেরত নিতে একটি বাই-ব্যাক স্কিম গ্রহণ করা হবে। আইন কার্যকর না হওয়া পর্যন্ত নতুন করে অস্ত্র কেনা থেকেও নাগরিকদের বিরত রাখা সম্ভব হবে।   

তিনি বলেন, এই সপ্তাহে মসজিদে সন্ত্রাসী হামলার ছয়দিন পর সব ধরণের সামরিক আধা-স্বয়ংক্রিয় (এমএসএসএ) ও  অ্যাসাল্ট রাইফেল নিষিদ্ধ ঘোষণা করছি।

এ ছাড়া উচ্চক্ষমতার ম্যাগাজিনসহ যেসব যন্ত্রাংশ দিয়ে অন্য অস্ত্রকে আধা-স্বয়ংক্রিয়তে রূপান্তর করা যায় সেসবও নিষিদ্ধ করা হলো 

গত শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেনটন ট্যারেন্ট নামের এক শ্বেতাঙ্গ খ্রিষ্টানের গুলিতে কয়েকজন বাংলাদেশিসহ কমপক্ষে ৫০ জন নিহত হন। আহত হন আরও ৪৬ জন যাদের ১২ জনের অবস্থা আশঙ্কাজনক।

এ দিকে নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম স্টাফ জানায়, মঙ্গলবার রাতে মসজিদের ভেতরে তদন্তকাজ শেষ করেছে পুলিশ।

দোকান থেকে কেনা দুটি আধা-স্বয়ংক্রিয় মেশিনগানসহ পাঁচটি অস্ত্র দিয়েই মসজিদে হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায় ট্যারেন্ট। ফলে অস্ত্র আইনের সংশোধনীর দাবি উঠে দেশটিতে।

গত সোমবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে সরকার এ বিষয়ে একমত হন। পরবর্তী ১০ দিনের মধ্যে অস্ত্র আইন সংস্কারের প্রক্রিয়া জানানো হবে বলে সেদিন ঘোষণা দেন প্রধানমন্ত্রী আরডার্ন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত