বিড়াল হত্যা করে সেই ভিডিও ফেসবুকে প্রকাশ করায় এক তরুণীকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে প্রাণীর প্রতি নিষ্ঠুরতা আইনে মামলাও হয়েছে।
রাজধানীর গোপীবাগ এলাকার একটি বাসা থেকে ওই তরুণীকে আটক করে পুলিশ। তবে ওই তরুণী মানসিক ভারসাম্যহীন বলে দাবি করেছেন তার পরিবার।
পুলিশ বলছে, ওই তরুণী একটি বিড়ালকে চার টুকরো করে সেই ভিডিও ফেসবুকে শেয়ার করেন। মুহূর্তেই সেই ভিডিও ভাইরাল হয়। পরে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কেয়ার ফর প’স’ এর উদ্যোগে ওই তরুণীকে চিহ্নিত করে থানায় অভিযোগ করে। ওই অভিযোগের ভিত্তিতে তাকে আটক করে পুলিশ।
মুগদা থানার ওসি প্রলয় কুমার সাহা জানান, নৃশংসভাবে বিড়াল হত্যা এবং সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ায় ওই তরুণীকে আটক করা হয়েছে।
মেয়েটি নিজেকে ন্যাশনাল আইডিয়াল কলেজের শিক্ষার্থী হিসেবে পরিচয় দিয়েছে। ২০১৭ সালে এসএসসি পাস করে ইন্টারমিডিয়েটে ভর্তি হলেও তার অ্যান্টিবায়োটিক রিঅ্যাকশন হওয়ার কারণে পড়াশোনা আপাতত বন্ধ আছে বলে ওই তরুণী জানান। এর আগেও তিনি ছোট ছোট সায়েন্স এক্সপেরিমেন্ট করেছেন দাবি করে বলেন, এটাও কৌতূহল বশত করেছি। আমি খুব দুঃখিত, ভবিষ্যতে এ রকম আর করব না।
‘কেয়ার ফর প’স’ এর কর্মী মো. সেলিম বলেন, গত কয়েক দিন চেষ্টার পর আমরা তাকে চিহ্নিত করেছি। মেয়েটি বিড়ালটিকে হত্যার কথা স্বীকার করেছে। তবে তার মা ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে। আমরা মেয়েটির এই বীভৎস কাজে ক্ষুব্ধ। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে লিখিত অভিযোগ করেছি। এই ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে পরবর্তীতে এ ধরনের অপরাধ ভয়াবহ মাত্রায় ছড়িয়ে পড়তে পারে।
