ব্রাহ্মণবাড়িয়ায় শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মাঠে নামল খুদে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন স্থানে এইমস কিডস কিন্ডারগার্টেন নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠান এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে।
শিক্ষার্থী ও শিক্ষকরা ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে জড়ো হলে দেখা যায় তাদের হাতে ‘হুদাই হর্ন বাজাবেন না, রিকশায় হাইড্রোলিক হর্ন ব্যবহার নিষিদ্ধ, হাসপাতালের সামনে শব্দ দূষণে ঘুমের ব্যাঘাত ঘটায়, স্কুলের সামনে হর্ন বাজাবেন না’ সংবলিত নানা সেøাগানের ছোট ছোট ব্যানার। পরে দুপুর ১২টার দিকে এই শিক্ষার্থীরাই পূর্ব পাইকপাড়ার লজেন্স ফ্যাক্টরি এলাকায় অবস্থিত এইমস কিডস কিন্ডারগার্টেনের সামনে দাঁড়িয়েও শব্দ দূষণের বিরুদ্ধে প্রতিবাদ জানায়।
খুদে শিক্ষার্থীরা জানায়, অতিরিক্তি শব্দ দূষণের ফলে তাদের পড়ালেখার ক্ষতি হয়। মাথাব্যথা করে। অনেক সময় রাস্তা দিয়ে চলাচল করার সময় বিকট শব্দ দূষণে দুর্ঘটনা ঘটে। তারা চায় শব্দ দূষণ বন্ধ হোক।
স্কুলের কয়েকজন শিক্ষক বলেন, অনেক সময় দেখা যায় যানবাহনগুলো অযথা হর্ন বাজায়। অতিরিক্ত হর্ন ও মাইকের কারণে শিশুসহ সব শ্রেণির মানুষের অনেক ক্ষতি হয়।
