রণবীর সিংকে বিয়ে করায় দীপিকা পাড়ুকোন এখন বলিউডের অনেকেরই ‘ভাবি’। কিন্তু নায়িকা বিষয়টি মেনে নিতে রাজি নন। এ সময়ের নায়ক ভিকি কৌশল প্রকাশ্যে ভাবি ডাকলে নাকি বিব্রতকর পরিস্থিতি তৈরি হয়।
সম্প্রতি জি সিনে অ্যাওয়ার্ডসের মঞ্চে গিয়েছিলেন দীপিকা-রণবীর। সেখানে উপস্থাপকের ভূমিকায় ছিলেন কার্তিক আরিয়ান ও ভিকি কৌশল। জোর করে মঞ্চে ফের দীপিকা-রণবীরের বিয়ে দেন তারা। আর সেখানেই সবার সামনে দীপিকাকে ‘ভাবি’ বলে সম্বোধন করেন ভিকি।
এরপরই নাকি ‘বাজিরাও মাস্তানি’ নায়িকার মুখের অভিব্যক্তি বদলে যায়। তিনি যে একটুও খুশি হননি তা স্পষ্ট বুঝিয়ে দেন।
প্রায় সঙ্গে সঙ্গেই ভিকিকে জানান, আর যাই হোক ‘ভাবি’ বলে যেন তাকে সম্বোধন না করা হয়।
তবে কেউ কেউ বলছেন, গোটা ঘটনাটিই দীপিকা মজার ছলে ঘটিয়েছেন। মানে মজা নাকি নায়িকা বিরক্ত হয়েছেন- এই নিয়ে কোনো সুরাহা হয়নি।
বলিউডের উঠতি নায়কদের অন্যতম ভিকি কৌশল। ‘মাসান’-এর মতো আন্তর্জাতিক খ্যাতি পাওয়া সিনেমা দিয়ে পরিচিতি তার। আর বছরের প্রথম তিন মাসের মধ্যে মুক্তি পাওয়া সবচেয়ে ব্যবসাসফল ছবিটিও তার। ‘উরি: সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি আয় করেছে ৩৩৬ কোটি রুপির বেশি।
