মাগুরার মহম্মদপুরে আব্দুর রউফ (৪০) নামে মাদ্রাসার এক অধ্যক্ষকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বড়রিয়া নতুনবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ আব্দুর রউফ জানান, বালিদিয়া ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. পান্নু মোল্যা অনুমতি ছাড়াই বালিদিয়া ঘোষপুর হাজী মোসলেম উদ্দীন টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের কয়েকটি গাছ কেটে ফেলেন। এ নিয়ে ওই প্রতিষ্ঠানের সভাপতি হিসেবে তিনি মাগুরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে চেয়ারম্যান পান্নু মোল্যার নেতৃত্বে ধারালো অস্ত্র দিয়ে ১৫-১৬ জন তাকে কুপিয়ে গুরুতর জখম করে।
তবে চেয়ারম্যান মো. পান্নু মোল্যার বলেন, ‘এ ঘটনার ব্যাপারে কিছুই জানি না। প্রতিহিংসাপরায়ণ হয়ে আমাকে জড়ানোর চেষ্টা চলছে।’
মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
