বিলাইছড়িতে আওয়ামী লীগ নেতা হত্যা মামলার আসামি আটক

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৩:২০ পিএম

রাঙামাটির বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা হত্যা মামলার সন্দেহভাজন আসামি স্নেহাশীষ চাকমা (আশিষ) নামে একজনকে আটক করেছে যৌথবাহিনী। সে ছাত্র জীবনে সন্তু লারমার নেতৃত্বাধীন ছাত্র সংগঠন পাহাড়ি ছাত্র পরিষদের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের বনরূপা এলাকা থেকে যৌথবাহিনী তাকে আটক করে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি যৌথবাহিনীর অভিযানে স্নেহাশীষ চাকমার আটক হওয়ার খবর নিশ্চিত করেছেন।  

এদিকে হত্যাকাণ্ডের চার দিন পর শনিবার সকালে বিলাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জনসংহতি সমিতির সভাপতি শুভমঙ্গল চাকমাসহ ২০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও ৭/৮ জনকে আসামি করা হয়। উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন বলে বিলাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. পারভেজ জানিয়েছেন।

উল্লেখ্য, গত ১৯ মার্চ সুরেশ কান্তি তঞ্চঙ্গ্যা নিজ বাড়ি উজাছড়ি থেকে বিলাইছড়ি সদরে আসার পথে আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত