সাভারে একটি সিএনজিতে থাকা সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছে চালকসহ ৫ পথচারী।
শনিবার দুপুরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের জোরপুল বাসস্ট্যান্ড এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
এঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এছাড়া বাকি তিনজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
অগ্নিদগ্ধরা হলো- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার খান্দারপাড়া গ্রামের বাদল শেখের ছেলে মো. আরমান শেখ (২২) এবং চায়ের দোকানি বিল্লাল হোসেন (২৬)।
দগ্ধ আরমান শেখের বাবা বাদল শেখ বলেন, দুপুরে আমার ছেলে জোরপুল বাসস্ট্যান্ডে বসে চা খাচ্ছিল। এ সময় দোকানের সামনে দাঁড় করানো একটি সিএনজি’র সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এঘটনায় আমার ছেলেসহ দোকানে বসে থাকা সিএনজি’র চালকসহ কমপক্ষে ৫ জন অগ্নিদগ্ধ হয়।
পরে স্থানীয়রা আগুন নিভে যাওয়ার পর আমার ছেলেকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক বলেছে ওর শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে গেছে।
এছাড়া বিল্লাল হোসেন নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হরনাথ সরকার অর্নব বলেন, অগ্নিদগ্ধ হয়ে একজন রোগী আমাদের হাসপাতালে ভর্তি হয়েছে। তার শরীরের প্রায় ২৫ ভাগ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি দেওয়া হয়েছে।
