ধর্মপুর হাইস্কুল প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:০৪ পিএম

দূর-দূরান্ত থেকে হাজার হাজার নবীন-প্রবীণ এসে মিলিত হয়েছে এক জায়গায়। আনন্দ-উল্লাস, হৈ-হুল্লোড়ে মুখর হয়ে উঠেছে চারপাশ। দীর্ঘদিনের পুরনো বন্ধুকে দেখে হৃদয়ের সবটুকু ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরছে একে অপরকে। এ যেন স্মৃতির বিদ্যাপীঠে আনন্দের বাঁধভাঙা প্রাণের উচ্ছ্বাস। দিনভর প্রিয় বিদ্যাপীঠের দেয়াল-সিঁড়ি, খেলার মাঠ, ইট-পাথরের সঙ্গে মিশে থাকা নানা ঘটনা ভেসে উঠছে সবার মানসপটে। খোলা মাঠে স্মৃতির ঝাঁপি খুলে বসে একে-অপরের সেইসব রঙিন দিনগুলোর কথা বলতে বলতে মনের অজান্তে অনেকেই  কেঁদে উঠছে, মুচছে চোখ। বলছে, বড় আনন্দের ছিল সে সব দিন। আহ্! আবার যদি পেতাম ফিরে। বহুদিন পর প্রিয় শিক্ষককে পেয়ে স্মৃতিময় করে রাখতে অনেকেই তুলছেন ছবি। এমনটি ছিল চট্টগ্রামের ফটিকছড়ির  ধর্মপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র-ছাত্রীর পুনর্মিলনী উৎসবের চিত্র। ২ দিনব্যাপী আয়োজনের গতকাল শনিবার ছিল শেষ দিন। বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৫২ সালে। ১৯৬৮ ব্যাচের শিক্ষার্থী আবু তাহের বলেন, ‘সন্তানকে নিয়ে স্মৃতিচারণ করতে প্রাণের বিদ্যাপীঠে এসেছি। সব ভুলে অতীতকে কাছে নিয়ে আসতে মন চাইছে।’ পুনর্মিলন উদযাপন পরিষদের আহ্বায়ক শাহজাহান চৌধুরী বলেন, অনুষ্ঠান সফল করতে স্ব-স্ব স্তর থেকে নানাজন নানাভাবে কাজ করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত