জালভোট দিচ্ছিলেন খোদ সহকারী প্রিজাইডিং কর্মকর্তা!

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:৫১ পিএম

মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা নির্বাচনে জালভোট দেওয়ার অভিযোগে এক সহকারী প্রিজাইডিং কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।

রোববার সকাল সাড়ে ৯টার দিকে দৌলতপুর উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটক সহকারী প্রিজাইডিং কর্মকর্তা রুহুল আমিন একই উপজেলার খোর্দ ছাতিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার আবদুল মোমিন বলেন, উপজেলার জিয়নপুর খাঁ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওই কর্মকর্তা ব্যালট পেপার ছিঁড়ে জালভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এমন অভিযোগ পাওয়া যায়। পরে বিষয়টি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশের নজরে আসলে তারা তাকে আটক করে রিটার্নিং কর্মকর্তাকে জানায়।

তিনি আরও বলেন, ওই কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান নাকি ভাইস চেয়ারম্যানদের ব্যালট পেপারে জালভোট দেওয়ার চেষ্টা করছিলেন তা জানা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত