হাঙ্গেরিকে একটি দিয়ে দুটি খেল ক্রোয়েশিয়া

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ১০:০৩ এএম

বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়া ইউরো-২০২০ বাছাইপর্বে ‘ই’ গ্রুপে হাঙ্গেরির কাছে ২-১ গোলে হেরে গেছে। বুদাপেস্টে রোববার এগিয়ে গিয়েও জয় নিয়ে মাঠ ছাড়তে ব্যর্থ হয় দলটি।

ম্যাচের ১৪তম মিনিটে আন্তে রেবিচের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া।

হাঙ্গেরি সমতায় ফেরে ৩৪তম মিনিটে। ডান দিক থেকে সতীর্থের পাস ধরে প্রথম টাচে কোনাকুনি শটে জাল খুঁজে নেন ফরোয়ার্ড আদাম সালাই।

৭৬তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ডিফেন্ডাররা ক্লিয়ার করতে ব্যর্থ হলে গোলমুখে পেয়ে যান মিডফিল্ডার মাতে। ডান পায়ের আলতো টোকায় হাঙ্গেরিকে এগিয়ে দেন তিনি।

স্লোভাকিয়ার কাছে ২-০ গোলে হেরে বাছাইপর্ব শুরু করা হাঙ্গেরি এই জয়ে দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। সমান পয়েন্ট নিয়ে তাদের নিচে ক্রোয়েশিয়া।

এই গ্রুপে স্লোভাকিয়াকে ১-০ গোলে হারিয়ে বাছাইপর্ব শুরু করা ওয়েলসের পয়েন্টও ৩। এক ম্যাচ কম খেলা দলটি আছে দ্বিতীয় স্থানে।

দুই ম্যাচে সমান ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে স্লোভাকিয়া।

‘সি’ গ্রুপে বেলারুশকে ২-১ গোলে হারানো নর্দার্ন আয়ারল্যান্ড দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা জার্মানির পয়েন্ট ৩। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে দুই ম্যাচ খেলা নেদারল্যান্ডস।

‘আই’ গ্রুপে জয়ের ধারা ধরে রেখেছে বেলজিয়াম। সাইপ্রাসকে তাদেরই মাঠে ২-০ ব্যবধানে হারানো রবের্তো মার্তিনেসের দল দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত