পাকিস্তানে দুই হিন্দু তরুণীকে জোরপূর্বক ধর্মান্তরিত করে বিয়ের ঘটনা তদন্তে সিন্ধু ও পাঞ্জাব কর্তৃপক্ষকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ইমরান খান। একইসঙ্গে ওই দুই তরুণীকে দ্রুত উদ্ধারের নির্দেশও দেন তিনি।
দ্য ডন জানায়, গত ২০ মার্চ এক হিন্দু পরিবারের দুই বোনকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্মান্তরিত করে বিয়ের অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে ওই দুই তরুণীর বাবা ও ভাই এমন অভিযোগ করলে তোলপাড় সৃষ্টি হয়।
তবে আরেকটি ভিডিওতে দেখা যাচ্ছে, স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে মুসলিম স্বামী বেছে নিয়েছেন বলে ওই তরুণীরা বলছেন।
রোববার এই ঘটনায় ইসলামাবাদে ভারতীয় রাষ্ট্রদূতের কাছে প্রতিবেদন চান দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। এনিয়ে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরীর সঙ্গে সুষমার রীতিমতো বাগ্যুদ্ধও শুরু হয়ে যায়।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ জানায়, অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পাক পুলিশ।
এদিন পাক তথ্যমন্ত্রী এক টুইটার বার্তায় জানান, প্রধানমন্ত্রী ওই দুই নারীর ঘটনা নিয়ে তদন্ত প্রতিবেদন চেয়েছেন সিন্ধু ও পাঞ্জাব সরকারের কাছে। ওই দুই নারীকে উদ্ধারসহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।
